মহলা থেকে মঞ্চে || পর্ব - ৪৬ || ইউথোপিয়া দলের প্রযোজনা 'সাড়ে তিন' - NEWS THEATRE FORUM


বিজয়কুমার দাস

দলের নাম ইউথোপিয়া। ২৭৯/ বি বিবেকানন্দ রোডের (কলকাতা) ইউথোপিয়া দলের শুরু ২০১৬ সালে । দলের নিবন্ধীকরণ হয়েছে ২০২৩ সালে । ২০১৭ সালে দলের প্রথম প্রযোজনা "খেলনানগর" মঞ্চস্থ হয়েছিল মোহিত মৈত্র মঞ্চে । নবারুণ ভট্টাচার্যের উপন্যাস অবলম্বনে "খেলনানগর" এর নাট্যরূপ ও নির্দেশনার দায়িত্বে ছিলেন সৌরদীপ ব্যানার্জী । 

সাড়ে তিন ছাড়াও কালো খ্রীষ্ট, মুক্তি, ক্ষুধা, মৃত্যু দলের অন্যতম প্রযোজনা । ইউথোপিয়া দলের একটি উল্লেখযোগ্য প্রযোজনা অবশ্যই শুভ চট্টোপাধ্যায় নির্দেশিত "সাড়ে তিন" নাটক।

২০২৩ সালের ২০ জানুয়ারি মিনার্ভা থিয়েটার মঞ্চে নাটকটি প্রথমবার মঞ্চস্থ হয়েছে । দলের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অভিনয় করেছে এ নাটকে । পাপেট, মাইম, শ্যাডো এবং নি:শব্দতা এ নাটকে কথা বলেছে শব্দ করে । সাড়ে তিন আসলে একজন মানুষের বাস্তব ও কল্পনার গল্প  । এই বাস্তব থেকেই সবাই নতুন কিছুর খোঁজে পালাতে চায় । কল্পনার জগতে সবাই রাজা । কিন্তু কল্পনার জগৎ থেকে বাস্তবের মুখোমুখি দাঁড়ালেই মানুষ মুখ থুবড়ে পড়ে । নাটকের বক্তব্য  অনুসারে সাড়ে তিন এর অবস্থান এই দুই জগতের মাঝে একটা কোথাও । ২৭ জন কুশীলব এ নাটক প্রযোজনায় সহযোগী হয়েছে । 



এ নাটকে সঙ্গীতের দায়িত্বে আছেন দেবদীপ মুখার্জী । দিব্যশ্রী সরকার ও ঈশান মুখার্জীর কোরিওগ্রাফি, সৈকত সান্যাল ও সাহেব সান্যালের আলোর সঙ্গে জগমোহন মন্ডলের পাপেট নির্দেশনা নাটককে ভিন্ন মাত্রা দিয়েছে । সৌত্রী দাসের সঙ্গে দিব্যশ্রী সরকার পোশাক পরিকল্পনার দায়িত্ব পালন করেছেন । সৌরদীপ ব্যানার্জী আবহ ভাবনায় এবং সঙ্গম রায় আবহ প্রক্ষেপণের দায়িত্বে। সৈকত মান্না ও সাহেব সান্যাল আছেন আলোর দায়িত্বে ।

নতুন দল, নতুন ছেলেমেয়ে একরাশ স্বপ্ন নিয়ে এসেছে ইউথোপিয়া দলে থিয়েটার করতে । বিশ্ব,আরমান, রুকসানা, আমিনা, সুনয়ন, সৌরদীপ, সঞ্জীব, সৌত্রী, দিব্যশ্রী, ঈশান মুখার্জী, ঈশান কর্মকার, অনির্বাণ, বাবাই, রাজেশ, দিশারীরা থিয়েটারে নতুন মুখ হয়েও নানা চরিত্রে মঞ্চ মাতাচ্ছে ।

২৭ জন  নতুন প্রজন্মের কুশীলব নিয়ে নতুন নাট্যদল  ইউথোপিয়া নতুন স্বপ্ন চোখে নিয়ে থিয়েটারে যুক্ত হয়েছে । দলের পক্ষে জানানো হয়েছে, এ নাটক তারা আরো অনেকবার মঞ্চস্থ করতে চায়। 

Post a Comment

0 Comments