কাঁকিনাড়া : ঝড়-ঝাপ্টার সাথে সময়ের অদ্ভুত বোঝাপড়া । প্রথমে গোলযোগ হলেও পরে সবটা সবাই মানিয়ে নেয়, সে এক নতুন পথের হদিস । আর ঠিক সেইরকম ভাবেই দৃঢ় প্রচেষ্টায় কাঁকিনাড়া শিল্পাঙ্গন আয়োজিত চতুর্থ বর্ষ মুক্তমঞ্চ নাট্যোৎসব অনুষ্ঠিত হয়ে গেল ২৬ শে মার্চ ২০২৩, রবিবার মাদরাল নেতাজী যুব সংঘ বল খেলার মাঠে । নাট্যোৎসবের প্রথম অধ্যায় সূচিত হয় ৭ই মার্চ বসন্ত উৎসব ও ১৯ শে মার্চ সারা বাংলা বসে আঁকো অঙ্কন উৎসবের মাধ্যমে । এই মুক্তমঞ্চ নাট্যোৎসব প্রতিবারই রুপ নেয় সাদামাটা চাকচিক্যের নজরকাড়া দৃশ্যে । সবুজ মাঠ, রঙিন ওর্না, হলুদ আলোর সমাহার আর বাচ্চাদের হাতে আঁকা দৃশ্যের মোড়ক দিয়ে । অনুষ্ঠানের প্রথম লগ্নে সাংস্কৃতিক পদযাত্রা হয় মাদরাল সংলগ্ন এলাকায় । এই পদযাত্রায় পায়ে পা মিলিয়েছে এলাকার অন্যান্য সাংস্কৃতিক দল, সমাজসেবী দল । অনুষ্ঠানের প্রারম্ভে মঞ্চ আলোকিত হয়েছিল গুনী জনদের উপস্থিতিতে । নাট্যোৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা ও নাট্যকার প্রদীপ ভট্টাচার্য এছাড়াও অতিথি স্থান অলংকৃত করেছেন নাট্যকার,নির্দেশক তীর্থঙ্কর চন্দ, নির্দেশক ও নাট্যকার ডঃ অপূর্ব দে, নাট্যকার শক্তি কুমার ঘোষ ও নাট্যকার ও নির্দেশক অলোক মিশ্র এবং শিক্ষিকা লীনা পাঠক। তাদের মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে সময় ওঠে আরো অর্থবহ এবং তাদের আলোকজ্জ্বল উপস্থিতির মধ্যে দিয়ে প্রদীপ প্রজ্বলিত হয় নাট্যেৎসবের । এরপরে অঙ্কন উৎসবের কৃতীদের পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি হলে অনুষ্ঠান তার নিজ রুপে ফেরে সংলাপ নিয়ে । প্রথম দৃশ্যে দেখা মেলে কাঁকিনাড়া শিল্পাঙ্গন প্রযোজিত সৌরভ ভট্টাচার্যের প্রয়োগে ও কাকিনাড়া শিল্পাঙ্গনে ছোটদের ভাবনায় সুকুমার রায়ের নাটক "অবাক জলপান" । ছোটোদের অভিনয় ও হাস্যরস যা দর্শকদের ছুঁয়ে যায় । এরপরেই মঞ্চ ভরে ওঠে বহরমপুর রেপার্টারি থিয়েটার প্রযোজিত অভিনেতা প্রদীপ ভট্টাচার্য্যের ভাবনায় নির্মিত নাটক "অমৃত কথা", যা দেশপ্রেম ও বর্তমান সমাজের কঠোর বাস্তবতা ও অধিকারের প্রশ্ন তোলে, যা নীরব গাম্ভীর্যের ছায়া ফেলে দর্শক মহলে। ঠিক এরপরেই প্রাকৃতিক দূর্যোগ সাময়িক বিরতি আনে নাট্যসন্ধ্যায়। দীর্ঘদিন ধরে দলের সকল সদস্য বিশেষ করে ছোটোদের অক্লান্ত পরিশ্রম সবুজ ঘাসে যে মুক্তমঞ্চের রূপ দান করেছিল তা ছিল অসামান্য কিন্তু প্রকৃতির উত্তাল স্বভাব প্রকাশ পেতেই উৎসব তার গতি হারায় সাময়িক ভাবে । দলের সদস্যদের আপ্রাণ চেষ্টা ও আগলে রাখার বৈশিষ্ট্যই পেরেছে নিমেষের মধ্যে উৎসবের গতি ফেরাতে। মুক্ত মঞ্চ অনুষ্ঠিত হলো ক্লাব ঘরে ঘরোয়া সাজে । সেই খানেই পর পর হলো কোচবিহার থিয়েটার ল্যাব প্রযোজিত প্রশান্ত সূত্রধরের ভাবনায় নাটক "XYZ", হালিশহর আবহমান প্রযোজিত তপন বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তীর্থঙ্কর চন্দের নাটক " টেপরেকর্ডার" এবং ইল্যুশান প্রযোজিত পুরুষোত্তম রায়ের "ফর ইউ"। তারপর শেষ সন্ধ্যায় ঘরোয়া জলসা মন ডোবায় মা সরস্বতী ঝুমুর ব্যান্ডের শিল্পী বিজয় দাসের মাটির সুরে। বদ্ধ ঘরেই রচিত হয় মুক্ত আলাপচারিতা। প্রাকৃতিক বাঁধা পেরিয়ে দর্শক ও শিল্পীর সাক্ষাৎ যাপন হয় সুরে-তালে সংলাপে।
অতিথি আর শিল্পী বরণ হয় দলের সদস্যাদের হাতে তৈরি ঘরোয়া চাকচিক্যের যত্নে সাজানো স্মারক দিয়ে । সব মিলিয়ে কা্ঁকিনাড়া শিল্পাঙ্গনের চতুর্থ বর্ষ মুক্তমঞ্চ নাট্যোৎসবের মধ্যে দিয়ে সময় সাক্ষী থাকলো এক প্রচেষ্টার এবং একতার । দলের কর্ণধার রাজা দে জানান - ❝এলাকার শিল্প-সংস্কৃতি পরিধি বৃদ্ধিতে এবং এলাকার মানুষের মধ্যে সংস্কৃতির সাথে যুক্ত করতেই এই উদ্যোগ ।❞ আশা রাখি তারা এই সাংস্কৃতিক যাত্রা জারি রাখুক হাজার বছর ।



.jpeg)

0 Comments