মহলা থেকে মঞ্চে || পর্ব - ৪৮ || বিডন স্ট্রিট শুভম প্রযোজিত 'শব চরিত্র কাল্পনিক - NEWS THEATRE FORUM

বিজয়কুমার দাস

কলকাতার মিনার্ভা নাট্য মঞ্চ, চৈতন্য লাইব্রেরী সংলগ্ন বিডন স্ট্রিট শুভম নামের নাট্যদলটি থিয়েটারের মানচিত্রে রীতিমত পরিচিত নাম । থিয়েটারকে ভালবেসে গড়ে ওঠা এই দল সুদীর্ঘ সময় ধরে সযত্নে লালন করছে নিজস্ব থিয়েটার চর্চাকে । ছোটদের পাশাপাশি বড়রাও মিলেমিশে আছে এই নাট্যদলে । এই দলের বর্তমান পরিচালক অনমিত্র খাঁ একদা তাঁর ছোটবেলায় এই দলেই কাজ শুরু করেছিলেন । এখন দলের নাটকের নির্দেশক তিনি । রঘুনাথ দে, অশোক দাস, আশিস খাঁ প্রমুখরা এক সময় উদ্যোগ নিয়েছিল এই দল গড়ে তুলতে । তারপর কোমর  বেঁধে শুরু হয়েছিল থিয়েটারচর্চা ।

১৯৮৮ সালে শুভম নামে গড়ে ওঠা এই দল নিবন্ধীকরণের পরে ১৯৯৬ সাল থেকে তার পোশাকী নাম "বিডন স্ট্রিট শুভম" নামে পরিচিত হয় । রিহার্সাল হত চৈতন্য লাইব্রেরির ছাদে । কার্যত রিহার্সালের জায়গার অভাব থাকলেও থিয়েটার থেমে থাকেনি এই দলে ।

'শুভম' দলে ছোট থেকে যারা বড় হয়েছে তাদের নিয়ে ১৯৯৬ সালে বিডন স্ট্রিট শুভম রেপার্টারি নামেও দলের একটি শাখা সূচনা করা হয়েছিল । প্রতি বছর শীতের শেষে  শুভম নাট্যমেলা অনুষ্ঠিত হয় । এ পর্যন্ত ৬০ টির মত নাটক প্রযোজনা করে প্রায় ৬০০ নাট্যমঞ্চায়নের রেকর্ড ছুঁয়ে ফেলেছে এই দল । ছোটদের নিয়ে "ক্ষীরের পুতুল" নাটক দিয়ে দলের যাত্রা শুরু । "ক্ষীরের পুতুল" এর সেই শিশুশিল্পীরা বড় হয়ে গেলেও দলের থিয়েটারে জড়িয়ে আছে এখনও । ২০১৭ সালের ২৬ আগস্ট গিরিশ মঞ্চে প্রথম অভিনীত হয়েছিল "শব চরিত্র কাল্পনিক" নাটক । নির্দেশনায় অনমিত্র খাঁ ।

প্রায় ৩০ জন এই নাটকের চরিত্র সংখ্যা । একাদেমি মঞ্চ সহ বিভিন্ন মঞ্চে প্রায় ২৬ বার মঞ্চস্থ হয়েছে এই নাটক এ পর্যন্ত । 

পরশুরামের " মহেশের মহাযাত্রা " নামক গল্প থেকে নির্মাণ করা হয়েছে এ নাটক। বিডন স্ট্রিট শুভম রেপার্টারি প্রযোজিত এ নাটকের দুই প্রধান চরিত্র মহেশ আর হরিনাথ । মহেশ নাস্তিক আর হরিনাথ আস্তিক । ভূত-ভগবান, ইহলোক-পরলোক, বিজ্ঞান-অবিজ্ঞানের নানা ডিলেমা নিয়ে গড়ে উঠেছে এ নাটক । অঙ্ক আর দর্শনের দুই অধ্যাপক মহেশ আর হরিনাথকে দেখা যায় সবসময় তুমুল তর্কে মেতে থাকতে। মহেশ যখন তার নাস্তিক চেতনায় বিজ্ঞানের যুক্তিগ্রাহ্য সরণিতে বন্ধু হরিনাথকে বিদ্ধ করার চেষ্টা করে তখন আস্তিক হরিনাথ আঁকড়ে থাকে তার অতিপ্রাকৃত জগতের দার্শনিক ধ্যানধারণাকে । হঠাৎ একদিন হরিনাথ চ্যালেঞ্জ দিয়ে বসে মহেশকে ভূত দেখানোর । চ্যালেঞ্জ গ্রহণ করে মহেশ । অতিপ্রাকৃত অস্তিত্বের সন্ধানে ভূত চতুর্দশীর রাতে কাঁকুড়গাছির কবরস্থানে হাজির হল দুই বন্ধু । তারপর ? 

এই তারপরের কাহিনিতেই গল্পের মজা । হরিনাথ আর মহেশ চরিত্রে অভিনয় করেছে অভিষেক জৈন ও সানি বারিক । ৩৩ জন শিশুকিশোর অভিনয় করেছে এ নাটকে ।  এঁদের মধ্যে ৬ জন অভিভাবকও আছেন । একাডেমি মঞ্চেই ৫ বার অভিনীত হয়েছে এ নাটক । নাটকের নির্দেশক অনমিত্র খাঁ একসময় শিশুশিল্পী হিসাবে এই দলে অভিনয় করতে আসেন এবং পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণারত । তিনিই সামলেছেন এ নাটকে নির্দেশনার দায়িত্ব ।

এতজন শিল্পীকে নিয়ে এই নাটক দলের একটি উল্লেখযোগ্য প্রযোজনা নানা কারণেই । এমন নাটক দলের সুনাম বাড়িয়েছে । তাই এ নাটক আরো অনেকবার অভিনয় করতে চায় বিডন স্ট্রিট শুভম রেপার্টারি ।

Post a Comment

0 Comments