বিজয়কুমার দাস
মিউনাস একটি উল্লেখযোগ্য নাট্যদল । এই দল সুদীর্ঘ সময় ধরে নানা প্রযোজনার মাধ্যমে থিয়েটার মহলে সুনাম অর্জন করেছে । পাশাপাশি এক সময় ২৪ ঘন্টা ব্যাপী থিয়েটার উৎসব আয়োজন করে থিয়েটারের মানচিত্রে আলোড়ন তুলে দিয়েছিল । দলের কর্ণধার উৎসব দাস থিয়েটারের এক অক্লান্ত যোদ্ধা । নিজে ভাল নাট্যকার । তার দলের নাট্যচর্চা তাই তার লেখা নাটকেই সমৃদ্ধ ।
অবশ্য মিউনাস নামের গভীরে দলের পুরো নামটি হল, মিতালি উৎসব নাট্য সংস্থা । সেখান থেকেই মিউনাস ।কলকাতার ৩ নম্বর রামনারায়ন মুখার্জী রোড এই দলের ঠিকানা । উৎসব নিজে কলকাতাতার বিদ্যুৎ সরবরাহ দপ্তরে কর্মরত । ২০০০ সালের আগস্ট মাসে (২৯ আগস্ট) অফিস ক্লাবে নিজের লেখা "গল্প স্বপ্ন চেতনা" নাটক পরিচালনা করে । ঠিক তার দুদিন পরেই অফিসের সহকর্মীরা উৎসবকে নাট্যদল গঠন করে নাট্যচর্চা চালিয়ে যাবার প্রস্তাব দেয় । ২০০০ সালের ৩১ আগস্ট সূচনা হয় মিউনাস নাট্যদলের ।
২০০০ সালের নভেম্বর মাসে দলের নিবন্ধীকরণ হয় বলে জানিয়েছেন দলের সম্পাদক সোমনাথ পাল ।
উৎসব দাসের নাটক দিয়েই দলের যাত্রা শুরু । উৎসব দাসের রচনা ও নির্দেশনায় দলের প্রথম প্রযোজনা "ফুল ফেলার প্রতিবাদ" নাটক মঞ্চস্থ হয় ২০০১ সালের ৩১ আগস্ট । এরপর একটানা নানা প্রযোজনার মাধ্যমে নিজেদের একটা নাট্যদল হিসাবে সুপ্রতিষ্ঠিত করে মিউনাস । ফুল ফেলার প্রতিবাদ নাটকের পর মিউনাস এর উল্লেখযোগ্য প্রযোজনাগুলি হল : পুরস্কার, স্বার্থপর, বিবর্তিত অধ্যায়, মানচিত্র, লজ্জা, স্ট্রাইক, পকেটমার, দ্য লাস্ট হিরো, অবচেতন, দূষণ, অপেক্ষায়, নবজীবন, এন্টিডোট । "লজ্জা" নাটকটি দলের সবচেয়ে বেশিবার অভিনীত নাটক ।
"অবচেতন" নাটকটি দলের একটি ভিন্নরকম প্রযোজনা। নাট্যকার উৎসব দাসের নাটক লেখার মুন্সীয়ানা এ নাটকে বিচ্ছুরিত । ২০১৭ সালের ৩১ আগস্ট কলকাতার তপন থিয়েটারে নাটকটি প্রথম মঞ্চস্থ হয় । ইতিমধ্যে কলকাতা সহ বিভিন্ন জেলার নাট্যমঞ্চে নাটকটি বহুবার অভিনীত হয়ে প্রশংসা পেয়েছে বিষয়বস্তুর গুণে । মোট ৭ টি চরিত্র আছে নাটকে । ৬ জন পুরুষ এবং ১ জন মহিলা । প্রত্যেকেই দলের সদস্য সদস্যা । মানুষের মনের দুটি স্তর চেতন আর অবচেতন । অবচেতন মনের ওপর মানুষের হাত থাকে না । চেতনে আর অবচেতনে মনের ভিতর একটা নিত্য দ্বন্দ্ব চলে । এ নাটকে অবচেতন মনের বিভৎস রূপের হদিশ মিলেছে । মানুষের বাইরের মনের সঙ্গে ভিতরের মনের এই দ্বন্দ্বই এ নাটকের কেন্দ্রবিন্দু ।
চন্দননগর, জয়নগর, হলদিয়া, হুগলি, সাঁইথিয়া সহ নানা জেলার মঞ্চের পাশাপাশি কলকাতার আকাদেমি, তপন থিয়েটারে অভিনীত হয়েছে এ নাটক । নাটকের বিভিন্ন চরিত্রে যাঁরা অভিনয় করেছেন তাঁদের কাছে এমন নাটকের চরিত্রগুলি দর্শকের বোধগম্য করে তোলা একটি চ্যালেঞ্জ । "অবচেতন" নাটকটি দলের ২২ তম প্রযোজনা । কলকাতার বহু পরিচিত নাট্যজন দর্শকের আসনে বসে এ নাটক দেখে বিষয়বস্তুর তারিফ করেছেন । তেমনি বিভিন্ন জেলার দর্শকের কাছেও প্রশংসিত হয়েছে মিউনাস এর "অবচেতন" নাটক ।





0 Comments