বীরভূম জেলার তথা বাংলা থিয়েটার -এর বলিষ্ঠ অভিনেতা কুমার শ্রীজিৎ । অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ ছোটবেলায়, তারপর থেকে একের পর এক নাটকে দুর্দান্ত প্রতিভার প্রকাশ । হঠাৎ শরীরে বাসা বাঁধে মারণব্যাধি ক্যান্সার । থিয়েটারে অভিনয়ের পাশাপাশি দীর্ঘ কয়েক বছর এই ব্যাধির সাথে মানসিক এবং শারীরিক লড়াই ও চিকিৎসা চলার পর অবশেষে কাউকে কিছু না জানিয়ে মাত্র ৩৬ বছর বয়সে চুপটি করে হারিয়ে গেলেন...
তাঁর থিয়েটার চর্চার জীবন নিয়েই 'বীরভূমের আনন' নাট্য দলের নির্দেশক বাবুন চক্রবর্তী লিখলেন দু-এক কথা...
যদিও শুভ নেই, তবুও শুভ ছিল
শুভ । শ্রীজিৎ । কুমার শ্রীজিৎ । কুমার শ্রীজিৎ সরকার । একজন নিরলস নাট্য যোদ্ধা । সেই কবে থেকে যে নাটকের সাথে জড়িয়ে পড়েছিল ।
আজ এক মাস হয়ে গিয়েছে 'ও' আমাদের মধ্যে নেই । এটা মানা যায় না কোনভাবেই । তবুও...
শুভর বাবা শ্রী পীযূষ সরকার একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী । এছাড়াও সে একজন প্রতিষ্ঠিত সু-অভিনেতা । চরিত্রাভিনেতা হিসেবে যার জুড়ি মেলা ভার । সিউড়ীর নাট্য জগৎ তাকে চেনে ও সম্মান করে । এই পীযূষের একমাত্র পুত্র শুভ । পারিবারিক সূত্রেই থিয়েটারের প্রতি আগ্রহ শুভর সহজাত । খুব ছোটবেলা থেকে বাবার দলের (আনন-এর) নাটক দেখা, রিহার্সাল দেখা শুভ আয়ত্ব করে ফেলেছিল । এভাবেই কখন যেন থিয়েটারে ঢুকে পড়ে । বাবা পীযূষ সরকারের মতোই কৌতুক চরিত্রের প্রতি একটা অতিরিক্ত আগ্রহ ছিল শুভর... ধীরে ধীরে সে একজন বলিষ্ঠ অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করতে শুরু করে এবং বলতে কোনো দ্বিধা নেই যে জনপ্রিয়তা অর্জন করে ফেলে অতি দ্রুত ।
সেই শুভ, চলে গেছে । চলে গেছে, সত্যিই চিরকালের মতো । তবুও...
আমরা পরিচালনার নাটকের কয়েকটির কথা উল্লেখ করি । ০৭.১২.২০০২ আমি শিশু ও কিশোর-কিশোরী দের নিয়ে একটি নাটক তৈরি করেছিলাম । নাটকটির নাম "WHO IS THE GREATEST", রচনা রেখা জৈন, অনুবাদ মনীষা জৈন । নাটকটি ছিল ইংরেজি ভাষায় । সেই নাটকে The Mouth King চরিত্রে শুভর অভিনয় একটি অসাধারণ মাত্রা যোগ করেছিল । এই ছোট ছোট ছেলে মেয়েদের ইংরেজি নাটকটিতে কী অক্লান্ত পরিশ্রম করেছিল শুভ ! একটি ছৌ নাচের জন্য ওর অনুশীলন ও পরিশ্রম আজও মনে পড়ে । শুধু শুভ না থাকার জন্য হয়তো এ নাটক অমি আর একবারও অভিনয় করতে পারবো না ।
"আনন" প্রযোজনা 'বুঢ্ঢার তরবারি' , 'অনির্বাণ' ইত্যাদি নাটকে ওর প্রধান চরিত্রের অভিনয় আমাদের আজও প্রণীত করে ।
হ্যাঁ । আর একটা নাটক । 'পান্তাবুড়ি' । পেন্দ্রকিশোর রায়চৌধুরীর কাহিনী । তাতে কোতয়াল চরিত্রে শুভ — আহ্ — অসাধারণ ! ভাবলে বড় মন খারাপ করে । চরিত্রের সাথে অতো তাড়াতাড়ি মিশে যাওয়া, পরিমিত অভিনয়, শুভ ছাড়া...
সেই শুভ আজ অতীত । তবুও...
"আনন"-এর পর এবার আসি "বীরভূমের আনন" এর কথায় । কোনো এক অনিবার্য কারণে ২০০৮ সালের ২৯ শে ফেব্রুয়ারী এই "বীরভূমের আনন" এর জন্ম হয় । জন্মলগ্ন থেকেই শুভ সাথে আছে । আছে না ছিল ? "আছে ছিল - ছিল আছে । আছে ছিল, ছিল আছে"— তবুও...
আবার ২০১৩ সালে বাদল উৎসবে বাদল সরকার রচিত ও তথাগত চক্রবর্ত্তী নির্দেশত, 'শনিবার' নাটকে বসুবাবু চরিত্রে শুভ খুব জীবন্ত ছিল ।
আমার নির্দেশনায় 'এবং ইন্দ্রজিৎ' নাটকে লেখক চরিত্রে অভিনয় করার মতো আমাদের দলে আর কেউ নেই । এ মতামত কেবল আমার নয় । ওই নাটকের তিনটি শো এ উপস্থিত সকল দর্শকবৃন্দের । এটাও ২০১৩ ।
আবার ২০১৪ সালে বাদল বাবুর 'প্রলাপ' নাটকে জ্যোতি আর আমি কোনোদিন ভাবতেই পারবো না । ঠিক যে রকম বলে পারি ২০১৭ সালের বীরভূমের আনন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত 'রাজরক্ত' নাটকের রাজাসাহেব, শুধুমাত্র শুভর অনুপস্থিতিতে এই 'রাজরক্ত' আর কোনোদিন হবে না...
এরকম অনেক গুলো নাটকের শিল্পীরা সহ সেট, কসটিউম, প্রপস্ সবই পড়ে রইলো দলের স্টোর রুমে । শুধু...
শুভ সাবস্টিটিউড্ চরিত্রেও অনবদ্ধ । নির্দেশক হিসেবে বড় ভরসা পেতাম হঠাৎ চটজলদি বিকল্পয় শুভ থাকলে । কখনো 'মহাজ্ঞানী' নাটকের পরিতোষ, কখনো ধনা(মূল চরিত্র), কখনো 'বদনচাঁদ লগনচাঁদ' নাটকে বদনের বাবা কালীপদ, বা লগনের বাবা দূর্গাপদ, কিংবা কানুমাস্টার, অথবা কোরাস দলের একজন, নয়তো পুলিশ (শুভ এই নাটকের প্রায় সব চরিত্রই করেছে) আবার 'কবয়ঃ' নাটকের বৃন্দাবন, 'ঁহরকালি সামন্ত সংঘের রবীন্দ্রজয়ন্তী' নাটকের মন্টু ইত্যাদি ।
সবই মনে আছে । থাকবেও । শুধু...
শুভ জেলার তরুণ নির্দেশক দের মধ্যে অন্যতম, সু-অভিনেতা, নেপথ্য কর্মী, সেট-মিউজিক-লাইট সব কাজেই পারদর্শী । সু - সংগঠক, ঠান্ডা মেজাজী, ধীর-স্থির, শান্ত স্বভাব, ওবিডিয়েন্ট আরো বলা যায়, কিন্তু...
এবার ব্যক্তিগত । ওর বাবা পীযূষ সরকার আমার বন্ধু, সহপাঠী ও সহ অভিনেতা সেই গত শতকের ছয় এর দশক থেকে । শুভর জন্ম থেকে ওকে চোখের সামনে বড় হতে দেখেছি । আর এমনই দুর্ভাগ্য যে ওর স্মৃতিতে আমাকে লিখতে হচ্ছে ! গুছিয়ে লেখা অসম্ভব । এলোমেলো হবেই হবে । অনেক কথা মনে পড়ছে । অনেক কথা শোনার ছিল । অনেক কথা বলারও ছিল । অনেক অনেক কাজ করার ছিল । তবুও....
আমার পুত্রসম নাট্যবন্ধু, শুভ... "আবার দেখা হবে।"
কুমার শ্রীজিৎ অভিনীত নাট্য সূচি








0 Comments