বিজয়কুমার দাস
দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার আর এন চক্রবর্তী রোড হল সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটারের ঠিকানা।রাজপুর সোনারপুর পৌরসভার অধীনস্থ সুভাষগ্রামে অবস্থিত এই নাট্যদলটি বয়সে নবীন এবং নতুন প্রজন্মের থিয়েটারপ্রেমী বিশাল ভট্টাচার্যর নেতৃত্বে ইতিমধ্যেই দলটি সুপরিচিত হয়ে উঠেছে । ২০২০ সালের ১৩ মার্চ প্রতিষ্ঠিত এই দলটি নানা নাট্য উদ্যোগ, নাট্য প্রযোজনা,নাট্য উৎসবের মাধ্যমে নিজেদের চিনিয়েছে । প্রতিষ্ঠানের কর্ণধার, সম্পাদক, নির্দেশক বিশাল ভট্টাচার্য নিজে যেমন নতুন প্রজন্মের প্রতিনিধি তেমনই থিয়েটারের কাজও করছে নতুন ছেলেমেয়েদের নিয়েই । থিয়েটারকে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া,প্রতিনিয়ত থিয়েটার চর্চার মাধ্যমে দলটি এগিয়ে চলেছে।প্রতিষ্ঠান শুরুর দিন থেকেই দলের মহলা, কর্মশালা হত শোভাবাজার রাজবাড়ির কাছে। কিন্তু নবীন এই দলটি নিজেদের থিয়েটারের কাজকর্মের কেন্দ্র গড়ে তুলেছে সুভাষগ্রামেই । দলে মহিলা সদস্যের সংখ্যা উল্লেখযোগ্য ।
নাট্যকার প্রদীপ চক্রবর্তী নির্দেশক বিশাল ভট্টাচার্যের নাট্যগুরু ও নাট্যশিক্ষক । তাই তাঁর অনুমতিক্রমেই নাটকটি অভিনয়ের সুযোগ পেয়েছে আবির্ভাব থিয়েটার । ২০১৭ সালে গণনাট্য পত্রিকায় নাটকটি প্রকাশিত হয়েছিল।আনুমানিক ২৫,০০০ টাকা ব্যয় হয়েছে নাটকটির প্রযোজনায় । দলের নিজস্ব মহলাকক্ষ আছে।সেখানেই নাটকের মহলা হয় । কালবৈশাখী নাটকটি দলের প্রথম প্রযোজনা হলেও বিভিন্ন মঞ্চে অভিনীত হয়ে দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছে নাটকটি । এক কথায় "কালবৈশাখী" দিয়েই সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটার নামক নাট্যদলের আবির্ভাব হলেও এ নাটকই চিনিয়েছে দলকে।তাই এই নাটকের প্রতি দলের সবার একটা বিশেষ দুর্বলতা আছে।আগামীতে দলের নাট্যমেলায় মিনার্ভা মঞ্চে অভিনীত হতে চলেছে নাটকটি ।




0 Comments