মহলা থেকে মঞ্চে || পর্ব - ১৭ || কোচবিহার অনাসৃষ্টির প্রযোজনা "আজও ভাবছে বাল্মীকি" - NEWS THEATRE FORUM

 


বিজয়কুমার দাস

কোচবিহারের অমরতলার গোপাল সাহা সরণির নাট্যদল কোচবিহার অনাসৃষ্টি । এই দলের উল্লেখযোগ্য প্রযোজনা "আজও ভাবছে বাল্মীকি" থিয়েটারের দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে । ১৯৯৮ সাল থেকে কোচবিহার অনাসৃষ্টি দলের পথচলা শুরু । প্রথমদিকে বিভিন্ন সামাজিক এবং পরিবেশ সচেতনতা বিষয়ক কর্মসূচিকে সামনে রেখে প্রচারমূলক পথনাটক প্রস্তুত করে তা পরিবেশন করা হত । এভাবে চলতে চলতেই এলাকায় একটা পরিচিতি গড়ে ওঠে । ২০০৮ সালে নাট্যদল হিসাবে নিবন্ধীকরণ হয়।দলের সম্পাদক হিসাবে দায়িত্বপ্রাপ্ত আছেন সুমন্ত সাহা ও নাটকের নির্দেশনার দায়িত্বে প্রশান্ত সূত্রধর । "তাতান ও সাদা পায়রা" নাটক দিয়ে নতুন করে পথচলা শুরু । এ নাটকের নাট্যকার ছিলেন তাপস মজুমদার ও নির্দেশনার দায়িত্ব্বে ছিলেন তুলি ঘোষ । তবে "নিবেদিতা : এক ভিনদেশী তারা" নাটকটি দলের সবচেয়ে বেশিবার অভিনীত নাটক ।

"আজও ভাবছে বাল্মীকি" নাটকটি ২০২০ সালের প্রযোজনা । তখন করোনা আবহে থিয়েটার বিপর্যস্ত । কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি কোচবিহার অনাসৃষ্টির নাট্যযোদ্ধারা । ২০২০ সালের ৪ ডিসেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে রেড এপেল ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে নাটকটি প্রথম অনলাইনে প্রদর্শিত হয় । তারপর অবশ্য বেশ কয়েকবার মঞ্চস্থ হয়েছে । দলের পক্ষে জানানো হয়েছে, নারীদের প্রতি বঞ্চনা এই নাটকের বিষয়বস্তুতে প্রাধান্য পেয়েছে । নাটকটিতে ৫ টি স্ত্রী চরিত্র ও ৫ টি পুরুষ চরিত্র প্রাধান্য পেয়েছে । দলের নিজস্ব মহলাকক্ষ আছে।সেখানেই কোচবিহার অনাসৃষ্টি দলের নিয়মিত মহলা হয় । "আজও ভাবছে বাল্মীকি" নাটকটি দলের ২৩ তম প্রযোজনা । নাটকটি এমনভাবে নির্মিত যে মঞ্চে এবং অঙ্গনে অভিনয় করা যায় । এ ক্ষেত্রে দলের অভিমত, অঙ্গন বা মঞ্চ নাটকের এইসব পরিভাষায় তাঁরা বিশ্বাস করেন না । বরং "যেখানে দর্শক সেখানেই নাটক" এই বিশ্বাসেই কোচবিহার অনাসৃষ্টি নাটক করে । এই নাটকে যারা অভিনয় করেছে তারা সকলেই দলের সদস্য সদস্যা ।

শ্রীলঙ্কার কলম্বোতে রেড এপেল ইন্টারন্যাশনাল থিয়েটারে প্রথম অনলাইনে প্রদর্শিত হওয়ার পর বহরমপুরে, জঙ্গীপুরে, EZCC মুক্তমঞ্চের উৎসবে, বীরভুমের ভবানীপুরে পরিবেশিত হয়েছে ।

নাটকটি যেখানেই পরিবেশিত হয়েছে সেখানেই দর্শকের প্রশংসা পেয়েছে দল । এ নাটক তারা বারবার পরিবেশন করতে চায় আমন্ত্রণ পেলেই ।



Post a Comment

0 Comments