বিশ্বজিৎ ঘোষ
ত্রয়োদশ কালুপুর নাট্যউৎসব ২০২১ অনুষ্ঠিত হয়ে গেল ১১ ও ১২ ই ডিসেম্বর কালুপুর নেতাজী ভবনে। নাট্য উৎসবের শেষদিন আয়োজক সংস্থা 'হিন্দোল'- এর প্রযোজনায় 'ধানী মুণ্ডার বিরসা চরিত' পূর্ণাঙ্গ নাটকটি মঞ্চস্থ হল। মহাশ্বেতা দেবীর 'অরণ্যের অধিকার' অবলম্বনে যে একটি সফল নাটক নির্মিত হতে পারে সে বিষয়ে খানিকটা দ্বিধা ছিল। আখতারুজ্জমান ইলিয়াসের 'চিলেকোঠার সেপাই' বা সতীনাথ ভাদুড়ীর 'ঢোড়াই চরিত মানস' উপন্যাস যে নাটক হতে পারে কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের কিশোর সেনগুপ্তেরা তা আগেই সফলভাবে করে দেখিয়েছেন ।
মহাশ্বেতা দেবীর এই উপন্যাসটিকে উপজীব্য করে কালুপুর 'হিন্দোল' এর কুশীলবরা ২ ঘন্টাব্যাপী টানটান যে নাটক দর্শকদের উপহার দিলেন তা এরকমই একটি উদাহরণ যোগ্য প্রযোজনা। ভারতবর্ষের এক বিশাল সংখ্যক আদিবাসী মানুষ যখন জল -জমি-জঙ্গলের অধিকারের জন্য সারা ভারতবর্ষব্যাপী সংগ্রাম গড়ে তুলেছেন তখন এই নাটকের সাহসী প্রযোজনা সত্যিই তারিফ করার মতো । অসাধারণ দলগত অভিনয় এই নাটকের মূল সম্পদ। এছাড়াও বাসুদেব পাল ও শম্পা দে ভাল অভিনয় করেছেন । তবে সবাইকে ছাপিয়ে গেছেন বিরসার ভূমিকায় উজ্জল আদিত্য। বিরসার ভূমিকায় তাঁর দাপুটে অভিনয় দর্শকদের অনেকদিন মনে থাকবে। নাচের কোরিওগ্রাফি ও সমবেত সংগীতও বেশ ভাল। তবে আলোকসম্পাত ও ব্যাকগ্রাউণ্ড মিউজিক আরও ভাল হবার অবকাশ আছে। অভিনয়ের বাইরে নির্দেশনায়ও উজ্জল আদিত্য তাঁর মুন্সিয়ানার পরিচয় রেখেছেন। এই তরুণ পরিচালক এই নাটকে নির্দেশক হিসাবে যে উদ্ভাবনী ভাবনা ও দক্ষতার পরিচয় রাখলেন তাতে আগামীদিনে তাঁর সৃজনপ্রতিভার দিকে নাট্যমোদীদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে।
থিয়েটার সংক্রান্ত বই কিনতে চান ?
দেখে নিন বুকলিস্ট, অর্ডার করুন অনলাইনে
সর্বোপরী কালুপুর 'হিন্দোল'- এর এই ঋজু প্রচেষ্টা যে তাদের পরবর্তী প্রযোজনার দিকে দর্শকদের আগ্রহী করে তুলবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
0 Comments