মুর্শিদাবাদ : দীর্ঘ অতিমারির সময়কে অতিক্রম করে,নাটকের দ্বার খুলে গেল আবারও, গত ১লা অক্টোবর ২০২১, বহরমপুর স্বর্ণ মঞ্চ আয়োজিত 'কুহেলিকা নাট্যোৎসব' (দ্বিতীয় বর্ষ) এ একদিনে তিনটি নাটক মঞ্চস্থ হলো বহরমপুর রবীন্দ্র সদনে, ওইদিন খাগড়া জি. টি. আই স্কুলের প্রধান শিক্ষক ডঃ সন্দীপ দাশগুপ্ত মহাশয় নাট্যোৎসবের শুভ সূচনা করেন।।
প্রথম পর্বতে বহরমপুর স্বর্ণ মঞ্চ প্রযোজিত নাটক মঞ্চস্থ হয়- "হিজিবিজি" নাটক নির্দেশনা বিট্টু কৃষ্ণেন্দু ও অনির্বাণ ঘোষ, দ্বিতীয় পর্বে বহরমপুর রণ প্রযোজিত নাটক মঞ্চস্থ হয়- তপোবিজয় গল্প অবলম্বনে "খোঁজ" নির্দেশনায় অভিজিৎ সরকার । শেষ পর্বে কলকাতা অঙ্গনা কমিউনিটি থিয়েটার প্রযোজিত নাটক মঞ্চস্থ হয়, "হারিয়ে গেছে মা", নির্দেশনা- রাজর্ষি চক্রবর্তী।।
হিজিবিজি মূলত একটি অ্যাবসার্ড প্লে । আমাদের জীবনের ঠিকানা সকলেরই অজানা, আদৌ আমরা কোথায় পৌঁছবো সেটাও আমরা জানিনা । এ এক অমিল গল্প, সুনির্দিষ্ট কোনও কাহিনী নেই, নেই ঘটনার কোনও সুস্পষ্ট বিন্যাস। টুকরো টুকরো আপাত পারম্পর্যহীন বেশ কিছু ছবিকে গেঁথে তোলার চেষ্টা হয়েছে অন্তর্লীন এক ঐক্যের আলোকে। নাটকের মঞ্চে এক ট্রেনের কামরা ও এক প্ল্যাটফর্ম । আড়ম্বরহীন এক সজ্জায় প্ল্যাটফর্মের ছবি ফুটিয়ে তোলা হয়েছে । রেলওয়ে প্ল্যাটফর্মের সুবাদেই কিছু খন্ড ছবি চলে এসেছে মঞ্চে।এসেছে কমপ্যানিয়ন শপের ছবি। মুহূর্ত ক্ষণের জন্য কাস্টমারকে ভালো থাকার ঠিকানা বিক্রি করা হয় যেখানে। কিন্তু কাস্টমার কি ভালো থাকার ঠিকানায় পৌঁছতে পারেন! ট্রেনের কামরায় এক পিতা ও সন্তানের যাত্রার ছবি, কখনও বা মাঝপথে শিকড়হীন এক প্রজন্মের দাপাদাপির ছবি চলে এসেছে। ট্রেনের যাত্রীরা সংশয়ে ভুগছেন- তাঁরা সত্যিই কি নিজের গন্তব্যে পৌঁছতে পারবেন ! নাটকের শেষে জানা গেল যে তাদের ঠিকানা হলো 'অ ভবিষ্যৎ '।
নাটকে এক ট্রেনজার্নির রূপক-এ আজকের সমাজের চেহারাকে ধরা হয়েছে । আজকে আমরা সত্যিই এক ঠিকানা হীন নৌকার যাত্রী । আজকের প্রজন্ম নিশ্চিতভাবেই ভুগছে প্রবল অনিশ্চয়তায় । কোথায় তারা পৌঁছবে, তা তারা জানে না, কোথায় পৌঁছতে চায়, তাও জানা নেই । আমরা ছুটে চলেছি এক গন্তব্যহীন জার্নির পথে।
'খোঁজ' নাটকটি মূলত বর্তমান সময়ের সামাজিক অবক্ষয়কে তুলে ধরেছে। ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করতে সমাজের বিভিন্ন স্তরে খমতায় থাকা মানুষেরা কিভাবে জলাভূমি বুজিয়ে দিচ্ছে, কিভাবে মানববিরোধী বিল পাস করেছে, তা দেখানো হয়েছে। এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে তার ও তার পরিবারের কি পরিনতি হয় সেটি খুব সুন্দর ভাবে দেখানো হয়েছে।
'হারিয়ে গেছে মা' নাটকে দুটো বাচ্চা খুঁজছে ওদের মাʼকে। ওরা ঘুরছে শহরের পথে পথে। শহরে বা শহর থেকে অনেক দূরে, ওরা জানে ওদের মা আছে কোথাও। কিন্ত কীভাবে যাবে সেখানে ? ওরা তারই পরিকল্পনা করছে। মাʼকে খুঁজে পেলে ওরা মায়ের সাথেই থাকবে, মাকে কেন্দ্র করেই সাজিয়ে নেবে ওদের স্বপ্নগুলো।
0 Comments