অনলাইন একক নাট্যাংশ অভিনয় প্রতিযোগীতা ২০২১, আয়োজনে শান্তিপুর অন্বেষণ - THEATRE FORUM

  

নিজস্ব সংবাদদাতা : এই মহামারী কবলিত সময়ে নানাবিধ সমস্যা ও বিপদের মধ্যে রয়েছে আমাদের গোটা পৃথিবী। সরাসরি সংযোগ থাকায় সরকার নিষেধাজ্ঞা জারি করেছে থিয়েটারে । ফলে গত দেড় বছর ধরে থিয়েটার হলগুলিও তালাবন্ধ ।তবে মানুষের সাথে সংযোগের ক্ষেত্রে নাটকের মানুষজনেরা অনেকেই নিজেদের মতো করে পথ অনুসন্ধান করছেন । তার মধ্যে অনলাইনের মাধ্যমে নাটকের অভিনয়, সেমিনার আয়োজন, একটা অন্য রকম প্রচেষ্টা।



এই ভাবনা থেকে গত ২৭ ও ২৮শে জুন শান্তিপুর অন্বেষণ আয়োজন করেছিল একটি অনলাইন "একক নাট্যাংশ অভিনয় প্রতিযোগীতা ২০২১"। মাত্র ১০ দিনের প্রচারে অংশগ্রহণ করে ছোটরা-বড়রা মিলে মোট ৩১জন, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে। ভিডিও গুলি দেখানো হয় শান্তিপুর অন্বেষণের ফেসবুক পেজে ঐ দুদিন, অসংখ্য নাট্যপ্রেমি মানুষ ভিডিও গুলি দেখেন ও নিজস্ব মতামত দেন।  এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব যত্নসহকারে পালন করেছেন শ্রদ্ধেয় শ্রী গৌতম মুখোপাধ্যায়, শ্রী অমর চট্টোপাধ্যায়, শ্রীমতী ময়ূরী মিত্র ও শ্রী দেবাশিস রায়। অভিনয়ের উপর ভিত্তিতে বিচারে প্রথম হন হরিপাল থেকে  নাটক - অক্সিজেন, অভিনয়ে ভাস্কর দাস, দ্বিতীয় হন ডানকুনি থেকে সুজান বোস, তার অভিনীত নাটক ম্যাকবেথ রিভিসিটেড ও তৃতীয় হন টালীগঞ্জ থেকে নাটক - বেঁচুবাবু, অভিনয়ে ইন্দ্রনীল মুখার্জী ।



প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন বাংলা নাট্য জগতের অন্যতম নট শ্রী দেবশঙ্কর হালদার মহাশয়। দলের নির্দেশক সত্যজিৎ জানান আমাদের এই ছোট্ট প্রচেষ্টায় এই ভাবে সাড়া পাবো ভাবিনি, এই ভালোবাসা ও উৎসাহ দেবার জন্য শান্তিপুর অন্বেষণ সকলের কাছে কৃতজ্ঞ। এই অতিমারীর সময়ে আমরা দূরে থেকেও কাছে থাকবার, সংযুক্ত থাকবার, সংযোগ তৈরি করবার একটা সেতু নির্মাণ করা গেছে সেটাই থিয়েটারের জোর। আশা করি খুব শিঘ্রই এই অতিমারী সময় কাটিয়ে থিয়েটারের মূল স্রোতে ফিরতে পারবো।

Post a Comment

0 Comments