অভীক রায়
রঙ্গসেণা আয়োজিত পঞ্চম রঙ্গোৎসবের প্রথম পর্বে দ্বিতীয় আন্তর্জাতিক নাট্যোৎসবের ৬ষ্ঠ দিন অর্থাৎ ৪ঠা জুন ২০২১ এ অনলাইন এ অনুষ্ঠিত হল প্যারাগুয়ের "প্রয়্যাকটো ইকারো" নাট্যদলের নাটক 'প্রমিথিউস' । পৃথিবীর দ্বিতীয় জনপ্রিয় ভাষা স্প্যানিশ আর সেই ভাষাতেই এই নাটক। নাটকটি মূলত গ্রীক মাইথলজিকে নির্ভর করে নির্মিত হয় এই নাটক, আমরা সকলেই জানি প্রমিথিউসের কাহিনী, প্রমিথিউস কিভাবে তাল তাল মাটি দিয়ে গড়ে তুলেছেন মানুষকে, আগুনের ব্যবহার শিখিয়েছেন মানুষকে। এবং যার জন্য তাকে কঠোর শাস্তি পেতে হয়েছে দেবতা জিউসের কাছ থেকে। কিন্তু নাটকটি নির্মাণ কৌশল সত্যি নজর কাড়ে, অসাধারণ কোরিওগ্রাফি, অসাধারণ আলোর ব্যবহার নাটকটিতে অন্যমাত্রা টানে। কলাকুশলীদের অভিনয় এবং নির্দেশক শ্রী ফিদেল রোজাসেএর নির্দেশনা কৌশলে নাটকটি অসামান্য রুপ পায়। নির্দেশকের মুখোমুখি অনুষ্ঠানে শ্রী রোগাস জানান কিভাবে তার দেশে অ্যানথ্রোপোলজিক্যাল থিয়েটারের মান্যতা দেওয়া হয়েছে দেশের প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদের মধ্যে সুসমন্বয় ঘটানোর তাগিদে। তিনি তার দেশের প্রাকৃতিক পরিবেশ ও প্যারাগুয়ে নদীর সৌন্দর্য বর্ণনায় ভারতের গঙ্গা নদীর তুলনা টেনেছেন। তিনি এও জানিয়েছেন যে ভারতের মতো একটি দেশ আজ বিশ্বের মধ্যে একটা বড় দৃষ্টান্ত যেখানে এত গুলি ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যেও সম্প্রীতি ও ঐক্য লক্ষ্যণীয়।
উৎসবের শেষ দিনে নাটক প্রদর্শন করে স্পেনের নতে বোহেমিয়া। নির্দেশক শ্রী জেভিয়ার ফার্নাদেজ মারিফিয়ের নির্দেশনায় নাটক ইয়ারমা প্রিমিয়ার হয় নৈহাটি রঙ্গসেণার ইউটিউব চ্যানেলে ভারতীয় সময়ানুসারে ঠিক রাত আটটায়। দর্শকরা খুবই ভাবাবেগে পড়ে যায় নাটকটি দেখে। ইয়ারমা, মূলত একটি নারীধর্মী নাটক - যার অন্তরের সুপ্ত বাসনার টানাপোড়েনে বিয়োগাত্মক পরিণতি টানে নাটক শেষে।
গ্রামীণ মহিলার মাতৃত্বের চাহিদা তাকে আবেগতাড়িত করে। শিশুর কলরব, খেলাধুলা, বায়না, হাসি কান্না সবই তাকে আচ্ছন্ন করে ছিল অথচ তার প্রেমিক বা স্বামী কেউ তাকে সন্তানসুখ না দিতে পারায় অবশেষে এক চরম বিয়োগান্ত পরিণতি ভারাক্রান্ত করে সকলকে। নাটকটিতে একটি সুকুশলী নির্দেশনা ছাড়াও চরম অভিনয় দক্ষতার প্রমান রাখেন আইনারা, ডেনিয়াল, আমেলিয়া, সারা ছাড়াও প্রমুখ। সুন্দর মঞ্চসজ্জা, আলো ও আবহে দারুণ হয়ে ফুটে ওঠে নাটক ইয়ারামা।




0 Comments