হলদিবাড়ী : অসময়ের এই সময়ে চারিদিকে শোকের ছায়া, একের পর এক প্রিয়জন হারাচ্ছি। বেদনার ভারে ভারাক্রান্ত আমরা সকলে। সেই বিপদমুক্ত পরিবেশের কামনায় ও আমাদের সকলের হৃদয়ের কোণে থাকা রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাতে "রবি স্মরণে" আয়োজন করেছিল হলদিবাড়ী কোলাজ।
গত ২৫শে বৈশাখ কবিগুরুর জন্মদিনে ডিজিটাল ছবি প্রদর্শনীর উদ্যোগ নিলেও পুনরায় কবিগুরুকে শ্রদ্ধা জানাতে ৭ই জ্যৈষ্ঠ ভিন্ন ধারার অনুষ্ঠান আয়োজনে ব্রতী হয়। কবির সাথে প্রকৃতির এতটাই নিবিড় সম্পর্ক ছিল যা তার প্রচুর সৃষ্টিতে আমরা দেখতে পাই। সেই বিষয়বস্তু মাথায় রেখে হলদিবাড়ী কোলাজ শহর থেকে দূরে প্রকৃতির মাঝে, খোলা আকাশে তার লেখা গান, কবিতা ও গল্প আড্ডার এক মনোরম পরিবেশের মাধ্যমে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। ফেসবুক দর্শকদের ভালোবাসা সহ প্রচুর মন্তব্যে অনুষ্ঠানের সার্থকতা প্রকাশ পেয়েছে। দলের পক্ষ থেকে ভাস্কর দাস জানান আমাদের কাছে এই গৃহ বন্দী নতুন হলেও রবি ঠাকুরের কাছে নতুন নয়, তার লেখা ডাকঘর পড়লে আমরা বুঝতে পারি। তখনকার দিনে বদ্যি অর্থাৎ বর্তমানে সেই ডাক্তারদের পরামর্শে আমরা যেনো সকলে অমল হয়ে উঠেছি। সেই একাকিত্ব কাটাতে ও কবিকে স্মরণ করতে এর থেকে ভালো উদ্যোগ খুব কমই হতে পারে। বরিষ্ঠ অভিনেতা অসিত রায় ও স্বরূপ দাসের কথায় হলদিবাড়ী কোলাজের এই উদ্যোগ আগামীতে শুভ বার্তা বহন করবে নিশ্চিত। অলোক শিল্পী সুবোধ দে দাস বলেন কোলাজ পরিবারের সকলকে স্নেহ ও সাধুবাদ জানাই এইরকম মনোরম উদ্যোগ নেওয়ায়। সংস্কৃতির বাতাবরণ বহাল থাকুক আমাদের প্রিয় প্রান্তিক শহর হলদিবাড়ীতে।


0 Comments