মানস নন্দন চক্রবর্তী : বর্তমান পরিস্থিতিতে 'পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি' যে বিংশতিতম নাট্যমেলা করবার সিদ্ধান্ত নিয়েছে বাংলা থিয়েটার মহলে তা অত্যন্ত আনন্দের খবর হলেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নাট্যদলগুলি অাবেদনের পদ্ধতি-তে হতাশ ৷ এই পরিপ্রেক্ষিতে অাবেদনের সময়সীমা বৃদ্ধি এবং পদ্ধতি-র সরলীকরণ-এর দাবিতে নাট্য একাডেমি-র সচিব-এর কাছে সারা রাজ্যের সমমনস্ক নাট্যকর্মীদের নিয়ে গঠিত 'কথাবার্তা' নামক একটি সোশ্যাল গ্রুপের মাধ্যমে আবেদন জানানো হলো । কি ছিল সেই আবেদনে দেখে নিন...
কোথায় কী থিয়েটার শো হচ্ছে, জেনে নিন এক ক্লিকে
মাননীয় সচিব,
পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি,
তথ্য ও সংস্কৃতি বিভাগ,
পশ্চিমবঙ্গ সরকার
তারিখ: ৫ নভেম্বর ২০২০
বিষয়: কলকাতা এবং জেলা স্তরে অনুষ্ঠিতব্য বিংশতিতম নাট্যমেলা।
মাননীয়েষু,
বর্তমান সময়ের অতিমারী বিপর্যয়ের কথা বিবেচনা করে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ গত ২৩ অক্টোবর ২০২০ সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমে বার্ষিক কর্মসূচীর অঙ্গ হিসাবে কলকাতা ও অন্যান্য জেলাতে সংক্ষিপ্তাকারে আয়োজিত নাট্যমেলায় অংশগ্রহণ করবার জন্য বিভিন্ন নাট্যদলগুলির কাছ থেকে আবেদন পত্র আহ্বান করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে এই বিজ্ঞাপন প্রকাশের দিন থেকে পরবর্তী দশ দিন পর্যন্ত বেলা ১২ টা থেকে ৫ টা আকাদেমির দপ্তরে আবেদন পত্র জমা দেওয়া যাবে। ওই বিজ্ঞপ্তিতে নাট্য আকাদেমির সঙ্গে যোগাযোগ বা অনুসন্ধানের কোন সুযোগ আছে কি না সে সম্পর্কে কোন দিক নির্দেশ ছিল না। আপনি এবং সারা পশ্চিমবঙ্গবাসী নিশ্চয়ই অবগত ছিলেন যে এবার দুর্গোৎসব উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার তৃতীয়া অর্থাৎ ১৯ শে অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি ঘোষণা করেছিলেন, অর্থাৎ নাট্যমেলায় অংশগ্রহণ করার জন্য আবেদন জানাবার যে সময় ধার্য করা হয়েছিল সেটা পুরোটাই ছিল সরকারী ছুটির অন্তর্ভুক্ত। এই সময়ে সরকারী দপ্তর আবেদনপত্র জমা নেবার জন্য খোলা থাকবে কি না সে বিষয়ে বিজ্ঞাপনের কোথাও কোনরকম আলোকপাত করা ছিল না। এই উৎসব এবং অতিমারীর সময়ে দূর অঞ্চলের জেলাগুলি থেকে কলকাতায় নাট্য আকাদেমির দপ্তরে এসে আবেদনপত্র জমা দেওয়া যে খুব সহজকাজ নয়, তা আপনারা নিশ্চয় অনুধাবন করতে পারেন। আমাদের দৃঢ় বিশ্বাস এই ব্যবস্থায় অন্যান্য জেলার নাট্যদলগুলির তুলনায় কলকাতা ও তৎসংলগ্ন জেলার নাট্যদলগুলি বিশেষ সুবিধাপ্রাপ্ত হবে। আপনাকে জানাতে চাই যে এই বিজ্ঞপ্তি বিভিন্ন জেলার নাট্যকর্মীদের মনে তীব্র অসন্তোষ তৈরী করেছে। সারা রাজ্যের সম মনোভাবাপন্ন নাট্যকর্মী ও কলাকুশলীরা, যারা সমগ্র রাজ্যের নাট্যকর্মী ও কলাকুশলীদের স্বার্থকেই অগ্রাধিকার দেয়, এই নাট্যমেলার সমগ্র প্রক্রিয়ার মধ্যেই চরম অসঙ্গতি ও স্বচ্ছতার অভাব আছে বলে মনে করছে। যখন রাজ্য জুড়ে নাট্যকর্মীরা উপার্জনবিহীন হয়ে বিপন্ন, সেইসময় এই নাট্যমেলা করে কিছু নাট্যদলকে পাইয়ে দেবার যে বন্দোবস্ত সমস্ত রকম নিরপেক্ষতাকে অগ্রাহ্য করতে চায়, সারা রাজ্যের নাট্যকর্মীদের পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ জানাই।
প্রকাশিত বিজ্ঞপ্তি
পরিশেষে, এই সমস্ত অস্বচ্ছ প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করে পুনরায় বিজ্ঞপ্তি জারি করে সারা রাজ্যের সমস্ত জেলার নাট্যদলগুলিকে সমান দৃষ্টিতে দেখে সবার জন্য সমান সুবিধা দিয়ে আবেদন করবার ও যোগ্য নাট্যদলগুলিকে মেলায় সুযোগ দেবার জন্য দাবি জানাচ্ছি।
সারা রাজ্যের সম-মনোভাবাপন্ন নাট্যকর্মী ও কলা-কুশলীদের পক্ষে
অশোক ঘোষ
পি- ৪১/১৮ নটবর পাল রোড
হাওড়া - ৭১১১০৫
মোবাইল নং - ৯০৫১৬২৯১৪১


0 Comments