৫০ বৎসর ধরে নাট্যচর্চা করেই চলেছে হলদিবাড়ির প্রগতি যুব নাট্য সংস্থা - থিয়েটার ফোরাম

 


হলদিবাড়ি :  জেলা শহর থেকে বহুদূর, বাংলাদেশ সংলগ্ন হলদিবাড়ি। কৃষিপ্রধান এই গ্রাম হলদিবাড়িতে ফুটবল মাঠ থেকে একদল যুবক তুলে নিয়ে নাট্য চর্চায় নিয়োজিত করেন পেশায় শিক্ষক সুবোধ পাল মহাশয়। তাঁরই হাত ধরে সে বছর ১৯৭১ সালের ২১ শে জুলাই হলদিবাড়ির প্রথম নাট্য সংস্থা "হলদিবাড়ি প্রগতি যুব নাট্য সংস্থা" স্থাপিত হয়। নাটক অন্তপ্রাণ সুবোধ পাল মহাশয়ের তত্ত্বাবধানে প্রগতি শুধুমাত্র নাটকই নয় পথনাটক, একাঙ্ক, পূর্ণাঙ্গ, নৃত্যনাট্য, গীতিনাট্য, গীতি আলেখ্য, নাট্যালেখ্য ও নিয়মিত বসন্ত উৎসব পালন করা হতো। তিনি "অভিনয় পত্রিকায়" নিয়মিত নাটকও লিখতেন।


 ১৯৮৫ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত একাঙ্ক নাটক প্রতিযোগিতা আয়োজনও করেছিলেন। একাঙ্ক, পূর্ণাঙ্গ মিলিয়ে দুশো-র ও বেশি প্রযোজনা মঞ্চস্থ করে ফেলেছে প্রগতি যুব নাট্য সংস্থা। যার সূচনা " সোনালী স্বপ্ন" নাটক দিয়ে। নিরলস পরিশ্রমের ফল স্বরূপ একাধিক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন প্রগতি ও তার কুশীলবরা। "যবনিকা কম্পমান" দ্বিতীয় শ্রেষ্ঠ অভিনেত্রী(মেখলিগঞ্জ), "সূর্য নেই স্বপ্ন আছে" দ্বিতীয় শ্রেষ্ঠ প্রযোজনা(এলাহাবাদ), "ডাইনোসরাস" দ্বিতীয় শ্রেষ্ঠ অভিনেতা(আলিপুরদুয়ার), "মিছিল" দ্বিতীয় শ্রেষ্ঠ অভিনেতা(চালসা), এছাড়াও "চোখে আঙুল দাদা" একটি পুরস্কার, "খগম" তিনটি, "ঠিকানা ভারতবর্ষ" চারটি, "নোপাসরণ" পাঁচটি, "শুন্য শতকিয়া" পাঁচটি ও "হইতে সাবধান" নাটকটি মোট ১৮টি পুরস্কার পেয়েছিল।



 এর মধ্যে সবচেয়ে বেশি মঞ্চস্ত হয়েছে হইতে সাবধান, খগম ও শতাব্দীর পাড়ে। প্রগতির বিচরণ শুধুমাত্র উত্তরবঙ্গ বা দখিনবঙ্গেই সীমাবদ্ধ থাকেনি,বাংলার বাইরে এলাহাবাদ, কানপুর, লখনৌ, হায়দরাবাদেও জয়ের ধ্বজা স্থাপন করেছেন মঞ্চসফল প্রযোজনা দিয়ে। প্রগতির সাম্প্রতিক মঞ্চসফল প্রযোজনা হলো "ক্রীতদাস" যা হলদিবাড়ি, মালবাজার তথা কলকাতাতেও দর্শকের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। সুবোধ পালের যোগ্য শিষ্য দীপঙ্কর মন্ডল এই নাটকের নির্দেশনার কাজ করেছেন। তারই রচনা ও নির্দেশনায় পরবর্তী একাঙ্ক প্রযোজনা "আমার ভয়" -এর প্রস্তুতি চলছে জোর কদমে। হাজার প্রতিকূলতার মধ্য দিয়েও যেখানে সরকারিভাবে আর্থিক অনুদান নেই, নাটকের আধুনিক সরঞ্জামের অভাব, নাটকের প্রতি বর্তমান প্রজন্মের অনীহা, এতকিছুর পরেও উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকাতে থেকেও গত ৫০ বৎসর ধরে নিয়মিত ভাবে নাট্যচর্চা করেই চলেছে প্রগতি যুব নাট্য সংস্থা, যা আগামী দিনে আদর্শের বার্তা বহন করবে তা নিশ্চিতভাবেই বলা যায়।



Post a Comment

0 Comments