মঞ্চের বাইরেও মানবিকতার নতুন নজির 'অনীক' কলকাতার - থিয়েটার ফোরাম



মানবিক 'অনীক'

তিথি দাস

'নাট্যমেব জয়তে' পত্রিকা ১০ জুলাই ২০২০ সংখ্যার প্রথম পৃষ্ঠায় প্রকাশিত

লাল ঘাসে নীল ঘোড়া, ব্রাহ্মণ, সময়ের আবর্তে, পিরানদেল্লো ও পাপেটিয়ার  লৌহমানব প্রভৃতি জনপ্রিয় নাটকের উপস্থাপনায় নাট্যজগতে বেশ পরিচিত নাম কলকাতার 'অনীক' নাট্যদল। অভিনয় ও মঞ্চ উপস্থাপনায় নজর কাড়া 'অনীক' দর্শকমহলে সাড়া জাগিয়ে এসেছে ১৯৮৮ থেকেই। এবারে নাট্যদল নজির গড়েছে মানবিকতার খাতিরেও । করোনা আবহে লকডাউন এর জেরে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন 'অনীক' নাট্যদলের সদস্যরা । সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তারা নিয়মিত শিবিরের মাধ্যমে দুর্গত মানুষের হাতে পৌঁছে দিয়েছেন প্রয়োজনীয় সামগ্রী। এই প্রথম নয়, 'অনীকের' পথ চলা থেকেই যখনই মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন হয়েছে দরাজ হাতে পাশে দাঁড়িয়েছেন অনীকের প্রত্যেক সদস্য। লকডাউন এর জেরে কাজ হারানো নাট্যকর্মীদের সাহায্যার্থে 'সৌভ্রাতৃত্ব' নামে একটি নতুন উদ্যোগের মাধ্যমে নাট্যমঞ্চের সাথে যুক্ত ব্যক্তিদের মাসিক ভিত্তিতে কিছু অর্থ সাহায্য করা হচ্ছে। সেখানেও আছে অনীকের সহায়তা। গত তিন মাস ধরে এই সাহায্য পাচ্ছে 'আলোক শিল্পী, শব্দ, মঞ্চের সাথে যুক্ত কর্মীরা। এর পরবর্তী সময়ে ১৪ মে থেকে ৫ জুলাই  পর্যন্ত একের পর এক ত্রাণ শিবিরের আয়োজন করে দুর্গত মানুষের সহায়তা প্রদান করে এসেছে অনীক।



          অনীক নাট্যদল প্রথম শিবির করে ১৪ মে যাদবপুর অঞ্চলের সন্তোষপুরে। লকডাউনে  কর্মহীন টোটো, বাস, রিক্সা শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে প্রায় ৮০ টি পরিবারের পাশে দাঁড়িয়েছে। ১৫ মে হাবড়ায় উদ্দীপন এডুকেশনাল ট্রাস্টের-এর ছাত্র-ছাত্রীদের সহায়তা এবং 'অনীক' এর  উদ্যোগে ত্রাণ শিবিরের আয়োজন করা হয়।



এই শিবিরে ৫৫‌ টি পরিবারকে খাদ্য সামগ্রী দান করা হয়। এরপরই ১৭ ই মে কোচবিহার জেলার দিনহাটায় যৌনকর্মীদের খাদ্যসামগ্রী, বাচ্চাদের দুধ আরো অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। যা এক অভিনব উদ্যোগ হিসেবে নজির গড়েছে।

             ১০ মে আমফান ঝড়ের জেরে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ২২ মে জয়নগরের নাট্যদল 'এষণা' র সহযোগিতায় 'অনীক' আয়োজন করে আরেকটি ত্রাণ শিবিরের।যেখানে কর্মহীন ও আমফান ক্ষতিগ্রস্ত নাট্যশিল্পী, টোটো শ্রমিকদের ও সাধারন মানুষদের ও খাদ্য সামগ্রী দান করা হয়। ৩০ মে 'অনীক' ও থিয়েটার ফোরামের উদ্যোগে বনগাঁ স্টেশন এর রেল হকার, যারা এই লকডাউনের জেরে কার্যত কর্মহীন তাদের ৮০ টি পরিবারকে খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দান করা হয়েছে। এরপর ৫ ই জুন হাসনাবাদ ব্লকের প্রত্যন্ত গ্রামে পৌঁছে যান 'অনীক' এর সদস্যরা। এই অঞ্চলের বিপন্ন মানুষের মধ্যে ত্রাণ কাজে উপস্থিত ছিলেন অনীক নাট্যদলের সম্পাদক অরূপ রায় ও অন্যান্য সদস্যরা।



            আমফান বিধ্বস্ত সুন্দরবনের জি প্লটে ও এল. প্লটে দুর্গতদের সাহায্যের জন্য ১৪ জুন 'অনীক' পৌঁছে যায়। অনীকের উদ্যোগের পাশে সহযোগী হিসেবে ছিল "সৃজন- সুজন"। ত্রাণদানের পাশাপাশি এখানে মেডিকেল ক্যাম্প ও করা হয়। প্রায় ৩০০ পরিবারের খাদ্য সামগ্রী ও মোট ১০০ টি পরিবারের ত্রিপল এর ব্যবস্থা করা হয় এই শিবিরে। ১৪ ই মে থেকে ৫ জুলাই  ৮ টি ত্রাণ শিবির এর আয়োজন করে 'অনীক' নাট্যদল। তারপর আরও কয়েকটি ত্রাণকার্য চালায়। তাদের পাশে সহযোগিতায় ছিলেন অগণিত সহযোদ্ধারা।



২১ শে জুন 'অনীক' ও "সৃজন-সুজন" এর যৌথ উদ্যোগে বনগাঁয় লকডাউন এ কর্মহীন ও আমফানে নিঃস্ব রেল হকারদের খাদ্য সামগ্রী দান করা হয়। ব্যবস্থাপনায় ছিল থিয়েটার ফোরাম ও আরণ্যক পরিবারের সদস্যরা। ২৩ শে জুন বিশ্বমানবতাবাদী দিবসে ১৫২ টি পরিবারকে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় পণ্য প্রদান করা হয় বনগাঁর নেহেরু কলোনি এলাকায়। ২৩ ও ২৪ জুন প্রায় ৩০০ দুর্গত মানুষকে সাহায্য করা হয় 'অনীক' ও থিয়েটার ফোরামের যৌথ উদ্যোগে। এই দিন বনগাঁর দুটি জায়গায় চিকিৎসা শিবিরে ডাক্তার অরিত্র কোনার ও ডাক্তার মৌসুমী বনিক দুর্গতদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও ওষুধ দেন ।



          এরপর ৫ জুলাই সুন্দরবনের ঝড়খালিতে ১০০ ছাত্রছাত্রীর হাতে স্কুল ব্যাগ, খাতা, পেনসিল, পেন,ওয়াটার বটল তুলে দেন তারা। সাথে ৩০০ মানুষ চিকিৎসা ও ওষুধের পরিষেবা পান। বনগাঁ স্টেশনে  থিয়েটার ফোরামের উদ্যোগে ও কোচবিহারে স্বপ্নউড়ানের পরিচালনায় টানা ১৫ দিন ৬০ জন অভুক্ত মানুষের দুপুরের খাওয়ার জন্য আর্থিক সহযোগিতা করেছে অনীক।লকডাউন ও আমফান পরবর্তী সময়ে 'অনীক' নাট্যদল যেভাবে দুর্গত নিরন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে তা মানবিকতার নিরিখে নজিরবিহীন। মানবসেবায় নিজেদের উদ্যোগে একত্র করেছে আরো বহু নাট্যদলকে।দুঃসময়ে মঞ্চ থেকে নেমে এসে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আশাবাদী 'অনীক' এর প্রতিটি সদস্য। 'অনীক' নাট্যদলের সম্পাদক অরূপ রায় জানান, 'অনীক' তাদের সাধ্যমতো সবসময় মানুষের পাশে থাকবে এতদিন যেমন পাশে দাঁড়িয়েছে প্রতিটি বিপন্ন মানুষের। নাট্যমেব জয়তে পত্রিকার তরফে কুর্নিশ রইল 'অনীক' নাট্য দলের জন্য। তারা সফল হোক তাদের এই মহান কর্মকাণ্ডে। এভাবে থিয়েটার থাকুক মানুষের পাশে।




Post a Comment

0 Comments