মুম্বাই : আজ ২৯ এপ্রিল ২০২০ মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট অভিনেতা ইরফান খান । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর ।
গত সপ্তাহেই জয়পুরে তার মাতৃবিয়োগ হলেও, লকডাউন পরিস্থিতির জন্য মায়ের শেষকৃত্যে যোগ দিতে পারেননি তিনি । ইরফান বেশ কিছুদিন ধরেই অসুস্থ থাকায়, ভিডিও কল এর মাধ্যমেই তার পরিবারের সাথে যোগাযোগ রেখেছিলেন । এরইমধ্যে শারীরিক অসুস্থতার জন্য হসপিটালে ভর্তি হন অভিনেতা ইরফান ।
জাতীয় সংবাদ সংস্থা সূত্রের খবর, ২০১৮ সালে নিউরোঅ্যান্ডোক্রাইন টিউমার ধরা পড়ে ইরফানের এবং তারপর এক বছর বিদেশে থেকে চিকিৎসা করিয়েছিলেন । এ বছরই মার্চ মাসে মুক্তি পেয়েছিল ইরফানের ‘আংরেজি মিডিয়াম’ সিনেমা, কিন্তু পৃথিবীজুড়ে অতিমারী শুরু হওয়ায় সেই প্রদর্শন বন্ধ হয়ে যায় । অসুস্থ থাকার জন্য এই ছবির প্রচারেও তাকে সেভাবে দেখা যায়নি ।
৭ জানুয়ারি ১৯৬৭ সালে জয়পুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ইরফান এর জন্ম । তার পুরো নাম সাহাবজাদা ইরফান আলী খান । তিনি ১৯৮৪ সালে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) থেকে স্কলারশিপের অর্জন করেন । সিনেমা জগতে তার গ্রহণযোগ্যতা ছিল অসামান্য । বলিউড, হলিউড এবং তেলেগু সিনেমায় ছিল তার বিশেষ পরিচিতি । সালাম বোম্বে, ধন্ধ - দ্যা ফগ, বিল্লু বারবার, দ্য লাইফ অফ পাই, পিকু, হিন্দি মিডিয়াম, ডুব, আংরেজি মিডিয়াম সহ হলিউডের অ্যামেজিং স্পাইডার ম্যান সহ একাধিক সিনেমায় অভিনয় করে প্রশংসা অর্জন করেছেন । পেয়েছেন পদ্মশ্রী সম্মান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার ।


0 Comments